Followers

আকাশপ্রদীপ

আমাদের পিছনের বাড়ির ছাদে আকাশপ্রদীপ জ্বলে এই সময়টায় -- আশ্বিনের সংক্রান্তি থেকে কার্তিকের সংক্রান্তি, হেমন্তের এক মাস। পিছনের রাস্তাটায় বাড়িগুলো কিছুটা দলামোচড়া হয়ে থাকে; সত্যি বলতে, ওই বাড়িগুলোর আশেপাশে চওড়া রাস্তা নেই। অন্ধকার গলি, রঙ না করা সিমেন্টের বাড়ি, বেশিরভাগ সময়েই সন্ধের পর ঘরগুলোয় নিচু আলো জ্বলে, বা জ্বলে না একেবারেই। আমাদের বাড়ির সামনের রাস্তার যে আলো, তার কিছুই গিয়ে পৌঁছোয় না সে সব বাড়ির দেওয়ালে। তাই, এসবের মাঝে একটি বাড়ির অন্ধকার ছাদে সেই নিঝুম আকাশপ্রদীপ বেশ চোখে পড়ে। 
   
ছোটবেলায় আকাশপ্রদীপ বলতেই কানে বাজত সতীনাথ মুখোপাধ্যায়ের সুর আর লতা মঙ্গেশকরের কন্ঠ। নিজের স্বভাবগত ছন্দবদ্ধতার মধ্যেও সতীনাথ এমন একটি সুর দিয়েছিলেন এই গানে, যখন আমার প্রায় কোনও গভীর জিনিসই বোঝার বয়স হয়নি, তখন এটুকু ঠিকই বুঝতাম, এই গানে ছন্দ থাকলেও সুখ নেই, সুর থাকলেও বিচ্ছুরণ নেই। "আকাশপ্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে" কথাটি এবং তার সুরের মধ্যেই এক নিষ্ফলা অপেক্ষার, একাকিত্বের স্বাদ পেতাম।
   
বড় হওয়ার পর এই সবই একজোট হয়ে আমার কাছে হেমন্তকালের প্রতীক হয়ে ওঠে। এই নিষ্ফলা তাকিয়ে থাকা, উত্তরের অপেক্ষা, অভিমানের দহনের চেয়ে বেশি তার নীরব, অলক্ষ্য, নীল যে রূপ তাকে প্রাধান্য দেওয়া -- এই সব। সেদিনই বন্ধুকে লিখছিলাম, হেমন্তের মধ্যে ভারী এক 'অজানা' বাস করে, যাকে সম্যক জানার আগেই প্রতি বছর শীত চলে আসে। হেমন্তকে জানা যায় না বলেই বুঝি প্রতিবার ঠোঁট, জিভ শুকিয়ে আসে, আর হাতমুঠো ঘেমে ওঠে।


তেমনই জানা যায় না এই আকাশপ্রদীপকে। লোককথা, ইতিহাসে জানা যায় বটে। আকাশপ্রদীপের অনেক ব্যাখ্যাই পাওয়া যায়। কিন্তু আমি সে কথা বলছি না। হেমন্তসন্ধ্যায়, কোনও কারণে জানালা দিয়ে ঈশানকোণে তাকালে ওই যে তাকে দেখা যায়, সেই মুহূর্তে তার অস্তিত্বের বহু কিছু অজানা থাকে। এমন প্রগাঢ় অন্ধকারে কেন সে জ্বলছে? আর জ্বলছেই যদি, এমন একা কেন? কার অপেক্ষায়? কী বলতে চেয়ে, না পেরে? তার অস্তিত্ব ওই আলোটুকু, নাকি ঘিরে ধরা অন্ধকার? 
   
তারপর মনে হয়, এই সব প্রশ্নই আমাদের মতো মানুষদের ক্ষেত্রেও সত্যি। এমন প্রগাঢ় অন্ধকারে আমরা কেন বারবার জ্বলার কথা ভাবি, কিসের আশায়? তারও পর মনে হয়, থাকুক এত প্রশ্ন। এমন কিছু কিছু মানুষ থাকেন, যাঁরা কেবলই অপেক্ষা করেন। বিষ-অন্ধকারে নিজেদের সাধ্যমতো জ্বালিয়ে উঠোনটুকু কোনোমতে আলো করে বসে থাকেন কারুর অপেক্ষায়। হয়তো কারুরই আসার নেই তাঁদের বাসায়, তবু তাঁরা থাকেন। কেউ যদি আসে। তাঁদের না আছে স্পৃহা, না ক্ষোভ, না প্রাপ্তি, না বিষাদ। না তাঁরা সর্বহারা, না ভোগী, না ত্যাগী। না বন্ধু, না শত্রু। তাঁরা মানুষ। একা। শীতের মুখে একমুঠো আগুন জ্বেলে নিজেদের অসহায়তা আর সাহস একইসঙ্গে প্রকাশ করে ফেলেন ভুল করে। এমন মানুষের কাছে, আকাশপ্রদীপের কাছে গিয়ে দু' দণ্ড বসতে ইচ্ছে করে।

২৯শে অক্টোবর, ২০২০

Comments