২১৪-বি
হাসপাতালের ২১৪-বি বেডে ঠাঁই পেয়েছেন যে মানুষটি, তাঁর মুখ দিয়ে গোঙানির আওয়াজ বেরোচ্ছে আজ সকাল থেকে। বয়স যথেষ্টই – পঁচাশি পেরিয়েছেন গত মাসে।
তিনদিন আগে তাঁকে নিয়ে আসা হয়েছিল এই হাসপাতালে। ফুসফুসের এক্সরে ধোঁয়া ধোঁয়া, গলায় সাঁইসাঁই আওয়াজ। চোখ ঘোলাটে, দিকশূন্য। মুখটা খানিক ফাঁক হয়ে, খাবি খাওয়ার মতো শ্বাস টানছে। এমার্জেন্সিতে তখন তাঁর ইসিজি চলছে, সঙ্গে আসা মাঝবয়সী ভদ্রলোক ঘড়ি দেখে অন-ডিউটি ডাক্তারকে বললেন, "Can we get on with this faster please?"
ডাক্তার জিজ্ঞাসু চোখে তাকালে একইরকম শীতল কন্ঠে ভেসে এল ব্যাখ্যা, "I have a flight to catch. Can't afford to miss it."
বৃদ্ধ মানুষটিকে জেনারেল ওয়ার্ডের ২১৪-বি বেডে পাঠানো হল। অনেক জটিলতা; বড় ডাক্তার দেখবেন, সিদ্ধান্ত নেবেন। ইত্যাদি ইত্যাদি। ভিজিটিং কার্ডটা মাঝবয়সী ভদ্রলোকের হাতে দিতেই তিনি সেটা ফিরিয়ে দিয়ে বললেন, "আমাকে দিয়ে লাভ নেই। I live in Mumbai. আমি বাবার কাছে রোজ আসতে পারব না। My nephew lives nearby. ওকে আমি বলে যাচ্ছি, ও আসবে। কিছুটা করে payment করে যাবে। বাবাকেও দেখে যাবে একবার। Meanwhile, if there occurs something about which I must be informed, please do so."
অসহায়, করুণ মুখে ছেলের দিকে তাকিয়ে আছেন ২১৪-বি। বিশেষ কথা বলার ক্ষমতা তাঁর নেই, কিন্তু বুঝতে তো পারেন। "if there occurs something about which I must be informed" ― কী ঘটার কথা বলা হচ্ছে, সে কি তিনি জানেন না? তবে তা-ই ঘটুক, তা-ই ঘটুক। মনে মনে কার উদ্দেশ্যে আপ্রাণ প্রার্থনা করলেন ২১৪-বি।
তাঁকে, হাসপাতালের ফ্যাটফ্যাটে সাদা আলোয় ভরা ঘর, ঠাণ্ডা করিডোর – সব পিছনে ফেলে এগিয়ে গেল ছেলে। ফ্লাইট ধরতে হবে তাঁকে।
একদিন যায়। দু দিন যায়। কত সূঁচ তাঁর শরীরে বেঁধে, আবার কারা জেনে খুলে নিয়ে যায়। মুখের উপর ভারী মুখোশের মতো কিছু এসে বসে থেকে থেকে। কাচের ও পার থেকে অস্ফুট পাখির স্বরের মতো কারা যেন বলে, "জোরে শ্বাস নিন, দাদু। জোরে। ব্রিদ ডীপ!" তিনি কী যে শ্বাস টানেন, কী যে করেন, তিনি নিজেই বোঝেন না। চোখ, কপাল, মাথা – সব দিয়ে যেন তিনি দেখতে পাচ্ছেন আজকাল। ঘোলাটে, সাদা সাদা মেঘের মতো কীসব দৃশ্য। তার মধ্যে থেকে ভেসে ওঠে সুন্দরবনের মাতলা নদী। প্রমোদভ্রমণে বেরিয়ে তাঁরা দেখছেন, পাশের নৌকোর জালে বিরাট মাছ ধরা পড়েছে। হাঁক-পাঁক করে খাবি খাচ্ছে মাছটা। তাঁর শিশুপুত্র তাঁকে বলছে, "ড্যাডি, ড্যাডি! মাছটাকে আবার দম নিতে বলো!" নৌকোর জেলে-মাল্লারা হা হা করে হাসছে। ছেলের মন রাখতে তিনি ওই মাছটাকে বলছেন, "শ্বাস নাও! জোরে শ্বাস নাও! টেক এ ডীপ ব্রেথ!"
একদিন করে যায়, ফুসফুসে আরও মেঘ জমতে থাকে। গলার ফ্যাসফ্যাসে স্বর ক্রমশ গভীর ঘর্ঘড়ে টানে পরিণত হয়। তাঁর সর্বক্ষণের নতুন সঙ্গী হয়েছে বাই-প্যাপ মেশিন। নাক মুখ জুড়ে বিরাট মুখোশ বসানো, তার ভিতর শোঁ শোঁ করে ঝড়ের মতো বাতাস বইছে। সে বাতাস নাকি প্রাণদায়ী; এক ফোঁটা ফুসফুসের ভিতরে গেলে মানুষ কয়েক সেকেন্ডের দীর্ঘজীবন লাভ করে। কিন্তু জীবনে এই একটি সঙ্গী ছাড়া বাকিরা কোথায় গেল? কই তাঁর সেই নাতি, সে নাকি আসবে? একবারও তো এল না! ভিজিটিং আওয়ারে আচ্ছন্নের মতো পড়ে থাকেন তিনি ― অন্যান্য বেডের রোগীদের বাড়ির লোকের পদশব্দ, ভাঙা ভাঙা কথায় ঘরটার উত্তাপ যেন বাড়ে সেই সময়ে একটু। কোনও পথচলা তাঁর বেডের সামনে এসে থামে না।
তৃতীয়দিন, অবশেষে, এক তরুণ এসে দাঁড়ায় তাঁর সামনে। ২১৪-বি নিভু নিভু চোখে তাকান।
"হাই দাদু। কেমন আছ?"
ঘর্ঘড়ে গলায়, বাই-প্যাপের আড়াল থেকে কথা আসে, "আ - আ - আ - আ"
"এত ডাউন কেন তুমি? ওষুধ নিচ্ছ না ঠিকমতো surely?" ফোনে ঝটিতি মেসেজ টাইপ করতে করতে ছেলেটি বলে।
"আ - আ - বা -"
"দাদু, আমাকে যেতে হবে গো! কাল পরশু দু দিনই maths exam কলেজে! খুব চাপ। আমি তারপর আবার আসব, হুঁ?"
২১৪-বি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন নাতির দিকে।
"Maths exam, maths! Four fives are, দাদু? Four fives are...?"
"ক – ক – ক", নাতির সঙ্গে এই অসময়ের খেলা খেলতে গিয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল ২১৪-বি'র।
"See ya then, দাদু। নেক্সট দিন যেন এসে তোমাকে এর চেয়ে better দেখি, please!"
পায়ের শব্দ, আবছা শরীর, প্রাণের ইঙ্গিত মিলিয়ে যায় দূরে, দূরে। উত্তাপ কমে আসে। হাসিটুকু লেগে আছে এখনও ঠোঁটে। কিন্তু যন্ত্রের ব্যারিকেড পেরিয়ে, একাকী মানুষের হাসি খুঁজে-বুঝে নেওয়ার মতো মানুষ আর নেই আজ।
Comments
Post a Comment