Followers

কা ল চ ক্র

তপন থিয়েটারে মহড়া ছিল সারারাত। ট্রায়াল অ্যান্ড এরর, ট্রায়াল অ্যান্ড এরর। নাটকের অঙ্ক, মাধ্যমিকের অঙ্ক, জীবনের অঙ্ক ― এই একটিই পথ। ট্রায়াল অ্যান্ড এরর। চেষ্টা, বিফলতা, চেষ্টা। বটগাছের তলায় পড়ে থাকা, ঝরে যাওয়া হাজারটা বটফলের মধ্যে যার বীজ থেকে আরেকটা গাছ হল শেষ অবধি, সে-ই সাফল্য। সম্ভাবনার অঙ্কে, নগণ্য। তবু, ওইটুকুর জন্য হাজার বটফলের ঝরে পড়া। হাজার চেষ্টা। হাজার বিফলতা। 

তপন থিয়েটারে রাতের মহড়া। মেন গেটে তালা দেওয়া। ভিতরে আমরা। গেটের বাইরে, রাস্তায় ― যেখানে অসংখ্য সিগারেটের অবশিষ্টাংশ পড়ে আছে ― একটা বারো-তেরো বছরের ছেলেকে খালি গায়ে শুয়ে থাকতে দেখলাম। শরীরের নীচে ত্রিপল। কার্নিশের ছায়ায় মাথা। মাথার নীচে কারো ফেলে যাওয়া একটা বড়সড় ক্রোকোডাইল soft toy। ছেলেটা অঘোরে ঘুমোচ্ছে। সামনের ভিক্ষার বাটি ফাটি কিছুই নেই। ও ঘুমোচ্ছে, পা মুড়ে। হাঁটু দুটো বেরিয়ে গেছে কার্নিশের ছায়া পেরিয়ে। তাতে বৃষ্টি পড়ছে মাঝরাতে। পুজোর আগে নিয়মমাফিক ডিপ্রেশন, সাইক্লোনিক আবহাওয়া। নিয়মমাফিক প্যাচপ্যাচে বৃষ্টি ধুলো-ধূসরিত সেই রাজপুত্রের হাঁটু ভিজিয়ে দিচ্ছে। আমার দিকে পিঠ দিয়ে শুয়ে আছে ছেলেটা। ওর ঘাড়ের নীচে তিনটে কশেরুকা, আর কোমরের উপরের চারটে কশেরুকা গোনা যায়। মাঝের অংশটুকু টানটান, ঘুমের মধ্যেও। গেটের এইপারে রাতের মহড়া চলছে ― "এখানে কেউ কিছু পায় না। পাইয়ে দেওয়া হয়।"

আমাদের মধ্যবিত্তির নিজস্ব খেটে খাওয়া আছে, নিজস্ব লড়াই আছে। সেই লড়াই ওই পথের দেবতার লড়াইয়ের সঙ্গে মেলে না হয়তো। দারিদ্রের, পথবাসের বিপক্ষে, একবেলার ভাতের, মাথার উপর ছাদের পক্ষে যুদ্ধ আমরা করতে পারব না হয়তো কোনোদিনই। আমরা হয়তো বলব মুক্তচিন্তার কথা, বিজ্ঞানমনস্কতার কথা, বুদ্ধিজীবী থেকে বুদ্ধ হয়ে ওঠার কথা। 

আনন্দের কথা এটুকুই যে, লড়াইয়ের একটা সাধারণ ভাষ্য আছে। যে লড়াই কথা বলে জলের পরিশোধন নিয়ে, শুল্কমুক্ত বাতাস নিয়ে, স্বাভিমানী জীবন নিয়ে। জল, বাতাস, জীবন ― পথে আর ঘরে ভেদ করে না। 

আমরা সেই লড়াইটাই লড়ছি, সাধ্যমতো। সেই কথাগুলোই বলছি, যথাসম্ভব। বিপ্রজিৎ ভট্টাচার্যের রচনা, সঙ্গীত ও নির্দেশনায় নতুন নাটক নামছে এই রবিবার, 'কালচক্র'। প্রযোজনায় অন্তর-রঙ্গ। তারই মহড়া চলেছে সারারাত। আর বাইরের রাস্তায় বৃষ্টিতে, গরমে ওই ছেলেটা ঘুমিয়েছে। আমাদের দলের কতজন প্রাইভেটে চাকরি করে; রিহার্সাল শেষ করে ঘন্টা দুয়েক বিশ্রাম নিয়েই ওদের ছুটে যেতে হবে অফিসে। কতজন ইস্কুলে পড়ায়; রিহার্সাল শেষে সরাসরিই তারা রওনা দিল ইস্কুলের পথে। কতজনের আরও রিহার্সাল, আরও কত কাজ। কতজনের কত ব্যক্তিগত, গভীর শোক, কত ঝামেলা-ঝঞ্ঝাবাত। সবাইই মহড়ার শেষে ফিরে যাচ্ছে যার যার স্রোতে। মাঝের এইটুকু সময়ে জ্বলে ওঠা। রাস্তায় ঘুমে কাদা হয়ে থাকা ছেলেটাকে দেখে মনে হয়, কী প্রয়োজন আমাদের এই জ্বলে ওঠার? কী উদ্দেশ্য এই আয়োজনের? মহড়া চলতে থাকে। চরিত্রের মুখোশের আড়ালে মানুষ চিৎকার করে ওঠে, "― যাতে আগামীর সন্তান জানে, আমি নীরব থাকি নি।"

আমাদের এই অসহায়, ক্রুদ্ধ, অনিবার্য ভাষ্যে আপনাকে স্বাগত জানাই। ২৭ তারিখ তপন থিয়েটারে আসুন, সন্ধে ৬:৩০। আমরা এই নাটকের আগুনে জ্বলে শুদ্ধ হই।

Comments