Followers

ট্রেনযাত্রা

ট্রেন। ভিড়। আছি কোনোক্রমে। আমার পাশে এক প্রৌঢ়া শেষ আধ ঘন্টা ধরে ফোনে তমুকের উদ্দেশ্যে তাঁর শাসানিগুলি অমুককে শোনাচ্ছেন। আর এক পাশে একটি বাচ্চা মেয়ে বারবার আমলকি খেতে চাইছে। আমলকির প্যাকেটটি তার মায়ের হাতব্যাগে। সম্ভবত সে এরই মধ্যে অনভিপ্রেতরকমের বেশি আমলকি খেয়ে ফেলেছে, তাই তার মা রাশ টানার চেষ্টা করছেন এখন। মায়ের অন্য পাশে মেয়েটির ভাই। সে আমলকি চায় না, কেবল মাঝেমাঝেই রকেট টেক-অফ করার মতো তার বাম তর্জনীটি নাকের ভিতর চালান করে দিচ্ছে। মা আবার ধরেবেঁধে রকেটকে ট্রোপোস্ফিয়ারে ফিরিয়ে আনছেন। আমার সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক পাশের মানুষটিকে বলছেন, 'পনেরো আর নয়ে তাহলে কত হয়?' অঙ্ক নিয়ে কেউ কোনও প্রশ্ন করলেই আমার মনে হয় আমাকে করা হচ্ছে, তাই সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হলেও নিজের মনে মনে যোগ করে চব্বিশ বার করলাম, তারপর দু বার ক্রস চেক করলাম। আমার পাশের প্রৌঢ়া শাসানি ছেড়ে একটা ফুলপ্রুফ গণহত্যার প্ল্যানে নেমেছেন। অমুককে বলছেন, "ওদেরকে শুরুতে মারবি। তারপর নিজেও মরে যাবি।" সামনের ভদ্রলোক যাকে পনেরো আর নয় যোগ করার কাজটি দিয়েছিলেন, তাকেই এবার বলছেন, "তাহলে তিন লাখ তিরাশি হাজারের চব্বিশ পার্সেন্ট বার করো?" অঙ্কের প্রতি আমি যে মনোভাব পোষণ করি, তাতে কিছুমাত্র ভুল নেই, মনে করে ফিরে এসে শুনলাম প্রৌঢ়া বলছেন, "গায়ে একেবারে গরম তেল ঢেলে জ্বালিয়ে দেবো!" কিছুর মধ্যে কিছু না, আমি গুগলে সার্চ দিলাম "What happens when kerosene is heated"। বাচ্চাটি এক পিস আমলকি হাতিয়ে খেয়ে ফেলেছে। মা বারবার বলছেন, "জিভ দেখা বাবু! এক্ষুনি বলছি, জিভ দেখা, ভালো চাস তো!" মুখ দেখতে পেলাম না, কিন্তু স্পষ্ট শুনলাম, উলটো দিকের সিটে বসা ভদ্রমহিলা বললেন, "ছাতুর সঙ্গে আমার মেয়েকে যদি combine করা হয় –"। এই তো জীবন, কালী দা।

Comments