প্রতিবন্ধীর গান
যা দেখি তার খানিক দেখি, না দেখাটাই বেশি
মৃত্যুপরব, মুরুব্বিরঙ, আস্ফালিত পেশী।
চালচুলোহীন মানুষ যারা
দেখছি ফাঁদে পড়ছে তারা
এসব আমার এড়িয়ে চলা
রূপকথা ভিনদেশী।
যা দেখি তার খানিক দেখি, অন্ধ সাজি বেশি।
যা শুনি তার অল্প শুনি, বাদবাকিটা হাওয়া
শুনতে গেলে সবটা সবার, ঘাঁটবে চাওয়া পাওয়া।
আশেপাশের কান্না ঠিকই
জ্বলছে ক্রমে ধিকি ধিকি,
শুনলে মনে পড়ছে সানাই –
আমেজ, হুঁ হুঁ বাওয়া!
যা শুনি তার অল্প শুনি, সামলে চাওয়া পাওয়া।
যা বলি, তা ফ্যান্টাবুলাস! বিদ্যেবুদ্ধি ঠাসা।
কেবল বোধের প্রশ্ন এলে ফুরোয় মুখের ভাষা।
নিজের ঘরেও দেখছি আগুন,
ঢোঁক গিলে তাও বলছি 'ফাগুন',
পুড়ব, তবু দাঁত কেলিয়ে
ম্যানেজ দেব খাসা।
কী বলতে কীই না বলি! বোবার আবার ভাষা!
২৯/০৫/২০২৬
Comments
Post a Comment