Followers

সুবাহ কভি তো আয়েগি

আজ ইংরাজি অনার্সের সিলেবাসে পড়াতে হয় সাহির লুধিয়ানভির 'আও কি আজ গওর করে ইস সওয়াল পর'; ইংরেজিতে অনুদিত কবিতাটি '26 January' নামে পরিচিত। যে সব প্রশ্ন প্রজাতন্ত্রের সমস্ত প্রজাই ছুঁড়ে দেয় কোনও না কোনও সময় আয়নার দিকে, সেই সবের কথা।

তবে এরও অনেক আগে সাহিরের আরেকটি লেখার প্রেমে পড়েছিলাম – 'উও সুবাহ কভি তো আয়েগি'। তার হৃদয় আরও অনেক বড়। যুগ যুগান্তর পেরিয়ে পৃথিবীর শোষিত, নিপীড়িত মানুষের যে স্বপ্ন দেখা – স্বাধীনতার, সাম্যের – সে সব কথা।

সাহির বলেন – 
একদিন সেই ভোর আসবেই, যখন দীর্ঘ এই অন্ধকার শতাব্দ-সহস্রাব্দের মাথার উপর থেকে সরে যাবে রাত্রির আঁচল; যখন দুঃখের মেঘ ভেঙে শেষে বৃষ্টি নামবে, আর উচ্ছল হবে আনন্দের সাগর; আকাশের নক্ষত্রপুঞ্জ নৃত্যে মাতবে আবার, পৃথিবী আবার নিজের হারিয়ে যাওয়া গান গাইবে ...

যে ভোরে বাঁচব বলে আমরা যুগ-যুগান্ত এমন জীবন্মৃত হয়ে আছি, যে ভোরের মধু আস্বাদনের স্বপ্ন বুকে নিয়ে আমরা বিষ-ভরা পানপাত্রও ঢেলেছি নিজেদের কন্ঠে, আমাদের সেই ক্ষুধিত জীবন একদিন ঠিক স্নেহস্পর্শ পাবে ...

জানি, আমাদের আশা আজও দুরাশা। মাটিরও দাম হয়, অথচ মানুষ মূল্যহীন। তবু, সেই ভোর একদিন আসবেই যখন মানুষকে আর টাকা দিয়ে কেনা-বেচা যাবে না।

সাহিরের এই কথায় সুর দিয়েছিলেন খৈয়াম, কন্ঠ দিয়েছিলেন মুকেশ। রাজ কাপুর অভিনীত 'ফির সুবাহ হোগি' ছবিতে গানটি ছিল। ইউটিউবে আজও আছে। কখনও শুনতে পারেন। ওই একই নাম – 'Woh subah kabhi to ayegi'...

Comments