Followers

সীতাগাছের কোলে

জগন্নাথদেব মণ্ডলের কবিতা দৃশ্যকল্প-নির্ভর। সেই দৃশ্যকল্পগুলি জুড়ে জুড়ে তিনি যে সবসময় কোনও বৃহত্তর, মহাজাগতিক প্যাটার্নে এসে উপনীত হন, এমন নয়। 

তবুও, মহাজগতের থেকে বিচ্ছিন্ন নয় তাঁর ভাবনা-ছবিগুলি। প্রকৃতিগতভাবে, তাদের মধ্যেই আদি-অনাদির গন্ধ মিশে আছে। তারা মহাজগতের কোনও সিদ্ধান্তে বা উপসংহারে এসে পৌঁছয় না বটে, কিন্তু তারাই যে বৃহত্তরের টুকরো টাকরা প্রতীতি – এ কথা অনস্বীকার্য।

এক এক সময় হয়তো অবিরাম দৃশ্যকল্পের আসা-যাওয়া একটু ক্লান্ত করেছে; বইয়ের প্রথম দুটি অংশে প্রায়শই 'মতন' / 'মতো' দিয়ে তুলনা টানার ধরণটি পাঠের গতি মন্থর করেছে কিছুটা। কিন্তু তা পুষিয়ে উপরি-পাওনা দিয়ে যায় 'কেঁপে ওঠা সফেদাফুল তোমার আঙুল চায়' এবং 'নির্জন চৈত্র' অংশদুটি। ইমেজের বাহুল্যকে অতিক্রম করে এই দুটি অংশের কাব্যময়তা ঈর্ষণীয়।

জগন্নাথদেবের কবিতায় স্পষ্টত দুটি গোলার্ধ পাই। এক, মানুষের মনের একটি চালচিত্র। দুই, অতর্কিতে সেই মন-জমির একটি ছবিতে রূপান্তরিত হয়ে যাওয়া। কেন এই রূপান্তর, কেন এই নির্দিষ্ট ছবি – সেই 'মোটিফ' ব্যাখ্যা করে ব্যক্তিগতকে লঘু করার দায় কবি নেন নি, এবং কবিতার জয় সেখানেই। 

'সীতাগাছের কোলে'
প্রকাশক – ধানসিড়ি
প্রচ্ছদ নির্মাণ – সেঁজুতি বন্দ্যোপাধ্যায়
মূল্য – ১২৫/-

শ্রীময়ী বইটি উপহারে দিয়েছিল, তাঁর সূত্রেই পড়ার সুযোগ হলো। এমন বই আশান্বিত করে।

Comments