সায়নদীপের জন্মদিন, ২০২১
অপ্রত্যাশিত ছিল এমন নয়, তবু আরও একটা অসুখের বছর কাটিয়ে দেওয়া গেল দুজন মিলে। প্রতিবছর এই এক ২৯শে ডিসেম্বর আসে, আর আমি পেন বাগিয়ে বসি সায়নদীপের ঝকঝকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট লিখতে। "To the best of my knowledge"। চেনা অচেনা লোকজন পড়েন, আহা-বাহা করেন ভালোবেসে -- কী সুন্দর দুটো ছেলে, কী সুন্দর বন্ধুত্ব, ওমা জন্মদিন, গুশু-পুশু, ইত্যাদি।
কিন্তু এসব অনেক হলো। মাঝবয়স ছুঁই ছুঁই; এখন আর এসব পুণ্য পুণ্য, নস্টালজিক, ধুপ-ধুনো দেখানো বন্ধুত্বের ইমেজ তৈরি করতে ভালো লাগে না। অনেক মিথ্যাচার এতে! আসলে আমরা যে এত অশালীনরকম গণ্ডার, আসলে যে একে অন্যের সঙ্গে আমাদের দুজনের ইয়ার্কিগুলো এত কদর্য, কুচুটে, ফিল্টারহীন, আসলে যে পরনিন্দা আমাদের গর্ব, অসংবেদনশীল পরচর্চা আমাদের অধিকার, আসলে আমাদের সান্নিধ্যে বেশিক্ষণ থাকলে যে ছ্যারছ্যার করে এসির পাইপের জল গায়ে পড়ার মতো অভিজ্ঞতা হবে মানুষের, এগুলোও সামনে আসা দরকার।
যাই হোক, তবু আরেকটা বছর এসবের মধ্যেও কাটিয়ে নেওয়া গেল। এই চ্যাংড়া পার্টনারশিপ ২৮-এ পা দিল। যদিও এটা বন্ধুত্বের নয়, জন্মদিনের পোস্ট, কিন্তু কোন মুখে ওদিকে এগোবো? গত ডিসেম্বরে তেত্রিশ পেরোনোয় যতটা সহজে বলেছিলাম "কেউ কথা রাখেনি, তাতে থোড়াই কেয়ার", আজ চৌত্রিশ পেরোনোয় ঠিক ততটাই সাবলীলভাবে মুখে চলে আসছে "এবার জীবনে তৃণমূল আসুক"।
Comments
Post a Comment