Followers

বিজয়া দশমী, ২০২১

এবারের পুজো ছবিতে ছবিতে কেটে গেল। বিরাট বড় প্রতিমার আধুনিকা মুখাবয়ব, আবার একচালায় ডাকের সাজ আর পটলচেরা চোখ। কোথাও তেজ, কোথাও বাৎসল্য। কোথাও দেবী দুর্গা, কোথাও অপুর দুর্গা। অবশ্য শুধু এমন ছবিই নয়। ঘরের দেওয়ালে বিকেলরোদের আঁকিবুকি দেখেছি। বৃষ্টির শেষে কার্নিশে জলবিন্দু মুক্তোর মতো ধরে আছে, দেখেছি। ওর পাঠানো ছবিতে দেখেছি, পুরোনো রাজবাড়ির ইঁটের ফাটলে গজিয়ে ওঠা গাছ। গুনগুন করেছি সুমনের "এই যে দেখেছি আদ্দিকালের দেওয়াল ফুঁড়ে / জংলা গাছের বাচ্চা খ্যালে হাত-পা ছুঁড়ে / কার তাতে কী, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি?" আরও দেখেছি আকাশের এক অর্ধে স্থির চাঁদ, অন্য অর্ধে স্থির ঝড়ের মেঘ। দেখেছি সপ্তমীসকালের নরম রোদ, নয়নতারা ফুলে। দিন পেরিয়ে দিন আমায় যেমন যেমন দেখিয়েছে, দেখেছি। 

যা যা দেখা হয় না সহজে, তাদের মধ্যে কী অনন্ত দান থাকে আমাদের সবার জন্য! সবই জুড়ছে আমাকে, আমাদের এই এগিয়ে যাওয়ার পথে। ঘন্টা চারেক আগেও যখন ছাতিমের ছবি পেলাম, মনে হলো এবারের পুজোয় চাক্ষুষ একে না দেখার খামতি থেকে গিয়েছিল, সেটুকুও পূর্ণ হলো।

প্রসঙ্গে-অপ্রসঙ্গে বড় বেশি বলে ফেলি, লিখে ফেলি মাঝেমাঝেই। সে সব থাক। প্রতিটি দৃশ্যের শরণাগত হওয়া ছাড়া, পৃথিবীর এই চিত্রপটে নিবদ্ধ হওয়া, তার দু হাত উপুড় করে দেওয়া ভালোমন্দ দানের কৃপায় নিজেকে সমর্পণ করা ছাড়া আর কিছু কাজ নেই কোথাও। 

আগামী শুভ হোক। বিজয়ার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। 🌿

(গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা এই ছবিটি নিশ্চয়ই সবারই খুব প্রিয়। সেটিই রাখলাম আজকের পোস্টে।)

Comments