নির্বাচন ২০২১
আমাদের বাড়িতে যিনি রান্না করতে আসেন, সেই দিদি কাল রাতে ফোন করে মা'কে বললেন, "মাসিমা, ভুলেই গিয়েছিলাম, কাল তো ভোট বলছে আমাদের ওদিকে। দিতে যাবো তাই। কাজে যেতে পারবো না।"
ব্যাপারটা আসলে এরকমই। আমাদের রান্না করতে আসা দিদি synecdoche-র জম্পেশ উদাহরণ মাত্র, part for the whole! আমাদের এই উচিত-অনুচিত, ভালো-খারাপ বিশ্লেষণের পরিসর ওয়ার্ল্ড ম্যাপে লাক্ষাদ্বীপের থেকেও ছোট। কিছুটা আলোচনা, তর্ক, বোঝানো হচ্ছে ঠিকই, কিন্তু যাঁদের কাঁধে চেপে নেচে নেচে প্রতি পাঁচ বছরে দলেরা ফিরে ফিরে আসে, তাঁরা অনেকে ভোটের দিন সকালে খেয়াল করেন, আজ ভোট।
"যাবি না, হো?"
"হো যাবি?"
"চল, দে আসি।"
"হো, কার দিবি?"
অনেকে পথে যেতে যেতে convinced হন কোনও দলের সুচেতনার ব্যাপারে। অনেকে বুথে গিয়ে হন। যাঁরা বুথে গিয়েও হন না, তাঁদের দায়িত্ব পরিচিত পোলিং এজেন্ট নিয়ে নেন অনেক সময়ই। খুব, খুব কম মানুষ আছেন যাঁরা ভোট দিতে যাচ্ছেন ভেবেচিন্তে, পাঁচ বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি মাথায় রেখে। এটা যত না তাদের ঔদাসীন্য, তার চেয়ে বেশি অপারগতা। যে আর্থিক পরিস্থিতিতে তাঁদের অনেকে দিন কাটান, কোন পন্থার কী তত্ত্ব, কী ম্যানিফেস্টো, তা নিয়ে ভাবতে বসলে না খেয়ে মরতে হবে তাঁদের।
অতঃপর কলন্দর রাজাকে কহিল, "যা হবার, তা হবেই।"
Comments
Post a Comment