'ভারতে জাতীয় থিয়েটার কি আছে/ সম্ভব?' (জি. পি. দেশপান্ডে) [অনুবাদ]
"শেষ প্রায় কুড়ি বছর ধরে, শিক্ষকতা করতে করতে, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে ঘুরতে, এই বিষয়ের উপর বেশ কিছু আলোচনা শুনেছি, আর সবসময়ই মনে হয়েছে, এই 'ভারত' বিষয়টি কী? মানুষেরা যখন ভারতের কথা বলছে, কোন 'ভারত'-এর কথা বলছে তারা?
"হ্যাঁ, আমি এ-ও জানি যে এমন একটা সময়ে আমরা বেঁচে আছি যেখানে মানুষ ভারতের ধারণায় ক্রমশই বিশ্বাস হারাচ্ছে, এবং ভারতের একটি ভুল ধারণার উপর তাদের বিশ্বাস বাড়ছে। কাজেই এমতবস্থায়, 'জাতীয়' কথাটির সঠিক অর্থ কী হতে পারে, বিশেষত ভারতীয় থিয়েটারের পরিসরে, তার খোঁজ চালাতে বিশেষ কারো আপত্তি থাকার কথা নয়। বিষয়টা এই নয় যে মানুষ 'জাতীয়' থিয়েটার চাইছে; বরং বিষয় হলো, মানুষ আগেভাগে সেই 'জাতীয়' থিয়েটারের সংজ্ঞা বেঁধেছেঁদে এগোচ্ছে। এইই হলো আসল সমস্যা। স্বাভাবিকভাবেই, একটা জ্ঞানগত অসঙ্গতি তৈরি হচ্ছে। মুশকিলটা হলো, যেইমাত্র আপনি 'জাতীয়' থিয়েটারের সংজ্ঞা দিতে বসছেন, অনিবার্যভাবে ইতিহাসকে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছেন আপনি। কারণ, যেভাবে বাংলায় বা মহারাষ্ট্রে বা তামিলনাড়ুতে বা দেশের অন্যত্র থিয়েটার গড়ে, বেড়ে উঠেছে, তা একে অন্যের থেকে সত্যিই অনেকটা আলাদা।
"মূল যে কথাটায় আসতে চাইছি, তা হলো 'জাতীয়' থিয়েটারকে সংজ্ঞায়িত করার সমস্যা, এবং তদুপরি, তাকে সংজ্ঞায়িত করা কি আদৌ প্রয়োজন? আমার উত্তর হলো -- না। কারণ, যারা এই 'জাতীয়' থিয়েটার তৈরি করতে নেমেছেন বা তার সালিশি করছেন, তারা শুরুই করেন একটা সংজ্ঞা বেঁধে। ভাবটা কিছুটা এমন --- 'এই হলো ভারতীয় থিয়েটার, বুঝেছো খোকা? এটাই করো। আর যদি না করো, আমরা তোমার কাজকে পাত্তাও দেবো না।' সৌভাগ্য আমাদের, এ দেশের লোকজন এর চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, এ দেশের দর্শকেরা এখনও পাত্তা দেন।
"এই পোস্টকলোনিয়াল সময়ে একধরনের সাংস্কৃতিক জাতীয়তাবাদ ছড়ি ঘোরায়। প্রায় যে কোনও উন্নয়নশীল দেশেই এ জিনিস দেখা যাবে। এমনকি, ধর্মীয় মৌলবাদ এরই একটা সংস্করণ। এমন অবস্থায়, সাংস্কৃতিক জাতীয়তাবাদের পথ দিয়ে চলতে গেলে খুব সাবধানে, বাছবিচার রেখে চলা প্রয়োজন। সময় একরৈখিক, ধারাবাহিক নয়। ভারতের জাতীয় থিয়েটার নিয়ে কথা বলতে গেলে সময়ের এই বহুরৈখিকতাকে মান্যতা দিয়ে তবেই বলতে হবে। যদি একজন নির্দেশক কাল বলে বসেন তিনি নিজে একটি ধারাবাহিক ঐতিহ্যের ফসল, যথেষ্ট সম্ভাবনা যে তিনি নিজে একজন ভালো নির্দেশক নন। একজন ভালো নির্দেশক একটি 'ধারাবাহিক' ঐতিহ্যের অংশ হয়েও তার একরৈখিকতা থেকে বিপথগামী, বহুরৈখিক। থিয়েটারে সময় আর ইতিহাসের দ্বন্দ্ব চিরন্তন।
"তাহলে, নিজের পরিচয় প্রতিষ্ঠা করবেন কিভাবে? ধরুন, আপনি থিয়েটার করছেন; কিভাবে বোঝাবেন যে আপনি ভারতীয় থিয়েটার করছেন? আমরা থিয়েটার করলে আমাদের 'ভারতীয়ত্ব'র পরিচয়টা কি প্রয়োজনীয় নয়? আমার কাজ নিজের সেই পরিচয় খোঁজা নয়; আমার কাজ নিজের থিয়েটারকে খোঁজা। আমার থিয়েটারই আপনাকে আমার পরিচয়ের কিছুটা জানিয়ে দেবে। আর সর্বোপরি তো আছেই, থিয়েটারের 'জাতীয়তা' সম্বন্ধীয় বাগবিতণ্ডা। আমার কাজ হলো নিজের থিয়েটারকে চিহ্নিত করা, 'জাতীয়' থিয়েটারকে নয়। কী এমন জানি আমি এই দেশের? সংবিধানের অষ্টম স্কীডিউলে মান্যতা পাওয়া চোদ্দো-পনেরোটা ভাষার কটা আমি নিজে বলি? টেনেটুনে দুটো বলি, আর সঠিকভাবে জানি মাত্র একটা ভাষাকে। আমার সাহস হয় কি করে এই কথা বলার যে আমি এই দেশকে জানি? আমার মনে হয়, আমি জানি থিয়েটার কাকে বলে, কিন্তু কোনোদিনই আমার থেকে তা জানতে চাওয়া হবে না; উপরন্তু যারা দেশের কিছুই জানে না বোঝে না, তারা আমার উপর চাপিয়ে দেবে দেশের একটা সংজ্ঞা।
"শুধু 'জাতীয়' থিয়েটার কেন, আপনি করতে চাইলে রাজ্য থিয়েটার, জেলা থিয়েটার, শহুরে থিয়েটার, মহল্লা থিয়েটার করুন না! এটা অনেকটা সেই চীনাদের বলা কথার মতো, যে তারা ঠিক সোশ্যালিজম নয়, এক ধরণের 'চীনা' সোশ্যালিজম আনতে চায়। স্বাভাবিকভাবেই, দেশকে সংজ্ঞায়িত করার এই কাজ কয়েক ধাপ এগিয়ে 'জাতীয়' থিয়েটারকেও সংজ্ঞায় বাঁধতে চায়। কিন্তু সত্যি বলতে, এর মূল উদ্দেশ্য আধুনিকতাকে বাধা দেওয়া, বা থিয়েটারের ভাষায়, আধুনিক থিয়েটারকে বাধা দেওয়া।
"তাহলে 'জাতীয় থিয়েটার' বলে কিছুর পরিসর কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব, যদি আমাদের আলোচনার ক্ষেত্রে স্থান ও কালের ভেদ ও তাদের বহুরৈখিকতা বজায় রাখতে পারি আমরা। একজন বাঙালির পক্ষে আগে বাঙালি না হয়ে ভারতীয় হওয়া অসম্ভব। বরং, প্রাথমিকভাবে সে বাঙালি বলেই তার ভারতীয় হয়ে ওঠা --- এই ভিন্ন কোনও পথ নেই। নাহলে ফ্যাকাসে, বেরঙা, স্বাদগন্ধহীন একটা ব্যক্তিত্ব নিয়ে আপনি যাই করুন না কেন, থিয়েটার হবে না।"
[This is a partial translation of G. P. Deshpande's essay 'Is there/ Should there be a National Theatre in India?', published in 'Seagull Theatre Quarterly' (Issue 6, 1995). In 2014, I had written down long sections from the essay while studying it in a library reading room when I had exhausted my chance to photocopy it. Though recently I have been able to access a soft copy of the complete essay, here I preferred translating those sections only, as they seem directed towards a statement that holds some significance in the present time.]
World Theatre Day 2021.
Photo Courtesy: Pinterest.

Comments
Post a Comment