Followers

ধর্ষণ

হথরসের অভিযুক্ত ছাড়া পেয়ে শ্লীলতা-হৃত মেয়েটির বাবার মাথায় গুলি করে তাঁকে মেরেছে। 

সুপ্রিম কোর্টের জজসাহেব আর এক নারীকে -- যে নাবালিকা হিসেবে ১০-১২ বার ধর্ষিতা হয়েছিল একই মানুষ দ্বারা -- ন্যায়বিচার দেওয়ার জন্য ধর্ষককে জিজ্ঞেস করেছেন, সে বিয়ে করতে চায় কিনা মেয়েটিকে। 

ধর্ষককে জেল থেকে ছাড়লেও সে মারবে। ধর্ষককে মৃত্যুদণ্ড দিলেও ধর্ষকের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমবে না। আর বিবাহের প্রস্তাব দিলে তো কথাই নেই।

হথরসের মেয়েটি যখন আজ কেঁদে কেঁদে ক্যামেরার সামনে তাঁর বাবার মৃত্যুর কথা বলছে, নিজের শরীরে জায়গায় জায়গায় আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে তাঁর বাবাকে কোথায় কোথায় গুলি করেছে সেই ধর্ষক, মেয়েটির পাশে সামান্য কজন মানুষ দোনামোনা করে দাঁড়িয়ে আছেন। একজন জড়ভরত মহিলা পুলিশ অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। উত্তরপ্রদেশ সরকারের পুলিশ তিনি। আর জমায়েতের অন্যান্য পুরুষরা নিজেরাই বিদায় নেবে, না মেয়েটিকে শান্ত করবে, সে নিয়েই আধা-চিন্তিত। কেউ সঙ্গে কাঁদছে না। রাগে ফেটে পড়ছে না। সাংবাদিক প্রশ্ন করে চলেছেন, যে মেরেছে তার নাম জানেন? মেয়েটি কাঁদতে কাঁদতে, অজ্ঞান হয়ে যেতে যেতে, রাগে কেঁপে উঠে দাঁতে দাঁত চেপে নামটা বলছে। তার পাশে সবাই স্থির। শান্ত। মন্দির-মসজিদের মতো। 

আমাদের দেশে ন্যায়বিচার হয় ধর্ষক সরকারি চাকুরে কিনা, সেই দেখে। ৪৮ ঘন্টা বন্দী রাখলে তার চাকরি চলে যাবে, আহা বেচারা, তাই আদালত তাকে এক মাসের জামিন দিয়েই কাজ শুরু করেন। 

আমাদের দেশে ন্যায়বিচার হয় ধর্ষিতার সঙ্গে ধর্ষকের বিবাহ-সম্বন্ধ প্রস্তাব করে। জজসাহেব খুব ব্যঞ্জনাময় কৌতুক/ পরিহাস করে থাকলে আলাদা কথা; করেছেন বলে বোধ হয় না। ধর্ষকের সঙ্গে বিয়ে। মুশকিল আসান। যে ধর্ষক বলেছিল, ধর্ষণের কথা সামনে আনলে মুখে এসিড ছুঁড়ে মারবে। ভাইকে খুন করে দেবে। ধর্ষক। তার সঙ্গে বিয়ে।

বিয়ে। ধর্ষক বলবে, "যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"। আমাদের দেশ। বিয়ে। আমাদের দেশে আত্মীয়কে শাড়ি আর গয়না পরার সুযোগ দিতে বিয়ে করতে হয়। আমাদের দেশে সমাজগ্রাহ্য হয়ে ওঠার জন্য বিয়ে করতে হয়। সবাই করে, সবাই জিজ্ঞেস করে, তাই করতে হয়। হৃদয়-টিদয় ফালতু।

এরকম দেশে ধর্ষককে বিচারপতি ধর্ষিতাকে বিয়ে করার প্রস্তাব দেবেন, এতে আর আশ্চর্য কী! 

কিন্তু খবরদার। ড্রয়িংরুমে আবার 'ধর্ষণ', 'ধর্ষিতা' এসব কথা আলোচনা করবেন না। বিয়ে করা, সভ্য, শিক্ষিত ড্রয়িংরুমে ওসব শোভা পায় না। তার চেয়ে ভ্যাকসিন ফ্রিতে দিচ্ছে মানে জল মিশিয়ে দিচ্ছে কিনা, আলোচনা করুন। 

Comments