Followers

দ্রৌপদী ২০২১


সম্পূর্ণভাবে কাপড় সরিয়ে দিতে পারেনি দুঃশাসন; কাজেই নিগৃহীতা বলা যায় না মোটেও। উদ্দেশ্য ছিল, ছিল উদ্যমও। কিন্তু স্পর্শের খতিয়ান বলছে, ত্বক এখনও ত্বক ছোঁয় নি।

দাসধর্ম রক্ষার্থে সেদিন চুপ ছিল এক বা দুই নয়, পাঁচ-পাঁচ পুরুষ। আজ মধ্যবিত্ত বাড়িতেও তেমনই নীরবতা। না, আরও নীচ – অবহেলা। কোটি কোটি পুরুষ বা মহিলা নয়, মানুষ খবর পড়ছেন বিভাজনের, আগামী ভোটের, লক্ষাধিক কাজিয়ার। চোখে শুধু পড়ছে না আইনের ক্ষুরধার রায়; ড্রয়িং রুমের আলোচনায় কণ্ঠ, আলজিভ প্রতিবার অবহেলা করছে এ নিয়ে শব্দব্যয়।

না, স্তনে থাবা বসানো – কাপড়ের উপর দিয়ে বা ছি ছি, নীচ দিয়ে – আজ এই মধুসন্ধ্যার আলোচ্য বিষয় নয়। তার চেয়ে জমে উঠুক নন্দীগ্রাম! জমে উঠুক রাজনীতি ও মিমের সংসার! কাফের মরুক, ব্রাহ্মণ্যবাদ নিপাত যাক, ড্রয়িং রুমে এই সবই বুঝে নেওয়া যায়। শুধু আব্রু – না, আমরা কেউ স্তন দেখিনি। স্তন, নিগ্রহ, যৌনলিপ্সা আমাদের ড্রয়িংরুম-ধর্মে পড়ে না।

সন্তপ্তা দ্রৌপদী প্রতিজনে বিচার চেয়ে মরে। তাহলে ধর্মাবতার, বোধ হয় কাপড়টুকু সরাতে দিলেই ভালো হতো, না? আহা রে মেয়ে, দুঃশাসনকে গায়ে টেনে নিজেই আবরণ সরিয়ে দিতিস, হাতটা নিয়ে সোজা স্তনে রেখে দেখাই যেত না হয় একদান, আইন বলবৎ হয় কিনা! দ্রৌপদী, হায় মেয়ে, এত বড় অনাচারে কেবল পয়েন্ট অফ কন্ট্যাক্ট-টাই মিলল না! স্পর্শের খতিয়ান বলছে, ত্বকে ত্বক ছোঁয় নি।

  

ছবির ঋণ: পিন্টারেস্ট

Comments

Post a Comment