মৃত্যুসংবাদ
ফেসবুকে মৃত্যুসংবাদ ভেসে আসে। পরিচিতের, অপরিচিতের। যাঁদের একদিনের জন্যও দেখিনি কখনও, তাঁদের কথা জানতে পারি। তাঁদের ছবি দেখি -- জীবিত, প্রাণবন্ত, ঊজ্জ্বল। নিচে ভোরের শিউলি ফুলের মতো সমবেদনা জমা হতে থাকে।
এরকমই কোনোদিন, সকালের প্রাথমিক রোদ ঢেকে গেছে মেঘে, আর হাওয়া দিচ্ছে বৃষ্টির, এমন সময়ে দিদি প্রশ্ন করেছিল, "কখনও ভেবে দেখেছিস, যদি না লিখতিস, আর কী হতে পারতিস?" জানলার ভারি পর্দা উড়ে যায়। আমার খালি মনে হয়, দিদি যখন প্রথমবারের জন্য বিদেশ গিয়েছিল, অভিমানে আমি শুধু ভেবেছিলাম, আমি এই শহর ছেড়ে এরকম কাউকে একলা করে দিয়ে কোনোদিন চলে যাবো না। দিদির মুখের দিকে তাকাই। বিদেশ থেকে ফিরে আসা, আমার সেই ছোটবেলার লক্ষ্মীঠাকুর সাজা দিদি, বসে আছে। মধ্য তিরিশ, সংসারী, কাজের ফাঁকে ফাঁকে সময় খুঁজে কখনও কখনও এ-বাড়িতে চলে আসা, আমার দিদি। দিদিকে দেখলে, শহর না ছেড়েও এমন দিনগুলোয় খুব বিদেশে চলে গিয়ে বাড়ির জন্য মনখারাপ করতে মন চায়। আমি উত্তরে শুধু বলি, "দর্শক হতাম। দেখতাম সব, যা এখন লিখি। আরো খুঁটিয়ে দেখতাম।"
শিউলি ফুলের মতো সমবেদনা জমা হতে থাকে ফেসবুকে কোনো স্মৃতিচারণ ঘিরে। দেখি, খুঁটিয়ে দেখি, এক অবাস্তব জগৎ তৈরি হচ্ছে আমার জন্য, সর্বৈব সত্য। মৃত্যুসংবাদের পরে একজীবনের কথা। তাকেই লিখে যেতে হবে, আজীবন।
Comments
Post a Comment