ভুল হয়, অন্যত্র
ইস্কুলে পড়তে ঠিক ছিল, ইস্কুল শেষ হয়ে গেলে কলেজেও আমরা ক'জন বন্ধু একসঙ্গেই পড়বো। হয়তো আলাদা আলাদা বিষয়ে, কিন্তু একই বিল্ডিঙে। ঘোর বর্ষার কোনো দিনে যখন কলেজের বাইরে রাস্তায় জল থইথই করবে, আমরা তিনতলার বারান্দার মোটা থামে হেলান দিয়ে, বা রেলিঙে ভর দিয়ে আগের মতো গল্প করবো, ক্যান্টিন থেকে দফায় দফায় চা আনাবো, আর তদ্দিনে কেউ একটা গীটার নিশ্চয়ই ভালো করে শিখে যাবো, এ সব মুহূর্তে বাজানোর জন্য।
কলেজে পড়তে ঠিক ছিল, কলেজ শেষ হয়ে গেলে আমরা ক'জন বন্ধু একসঙ্গে এক ইউনিভার্সিটিতে মাস্টার্স করবো। কলকাতা থেকে দূরে তার ক্যাম্পাস হবে, আর সে ক্যাম্পাসে সারারাত লাইব্রেরী আর ক্যাফেটেরিয়া খোলা থাকবে। হস্টেলে রুমমেটও হবো আমরা ক'জনই। গ্রূপ স্টাডি, একসঙ্গে প্রজেক্ট লেখা, প্রত্যেকে আলাদা আলাদা স্পেশাল পেপার নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একে অন্যের ক্লাস করা। আর মাঝরাতে লাইব্রেরীতে রেফারেন্স ওয়ার্ক শেষ করে বেরিয়ে এক কাপ গরম চা।
বন্ধুদের সঙ্গে প্রথম বেড়াতে গিয়ে ঠিক ছিল, প্রতিবার আমরা এই পাঁচজনই বেড়াতে যাবো নতুন নতুন জায়গায়। বছরে দু'বার। অন্ততঃ একবার। পাহাড়ে ট্রেক করবো। সমুদ্রের তীরে বসে আড্ডা হবে। ফরেস্ট বাংলো থেকে দুপুর বিকেলের দিকে হেঁটে যাবো একটু দূরে, করবেট-এন্ডারসনে পড়া jungle trail ধরে।
কলকাতা ছেড়ে প্রতিবার কোথাও গেলে ঠিক থাকে, এই ক'দিন কলকাতা ছেড়ে বাঁচবো মাইরি! দিনে বাইশটা সিগারেট-সমান নিঃশ্বাস নেওয়া থেকে মুক্তি!
পুরোনো কলকাতার রাস্তায় হাঁটতে গেলে ঠিক থাকে, এই রাস্তায় আবার ফিরে আসতে হবে, ঠিক এরকম একটা দিনে, এরকম রোদ পড়ে যাওয়ার মুখে, এরকম ঝিম মেরে থাকা বুড়ো গাছের নিচে, দু'জনে। তাড়াতাড়ি কাজ মিটিয়ে অফিসের।
ঠিক ছিল, বা ঠিক থাকে। ঠিকই থাকে।
ভুল হয় অন্যত্র।
ছবি: পিন্টারেস্ট
Comments
Post a Comment