Followers

শীত শেষের কথা

ছোটবেলায় স্কুলে সীমা দিদিমণি যখন "শীতের হাওয়ায় লাগলো নাচন" গানটি শেখাতেন, "শীতের" আর "হাওয়ায়" কথাদুটিতে আমাদের খেলা ছিল ঘাড় এ'দিকে আর ও'দিকে হেলানো, সুরের সঙ্গে সঙ্গে। আমলকি ডাল হাওয়া লেগে যেভাবে দোলে, তারও এক সুর আছে। হয়তো সেই সুরেই আমরাও ঘাড় হেলাতাম। ঘাড় সোজা রেখে ওই গান শুরু করলে সুরে ভুল হবেই হবে।
  
শীত ছোট। আসে-যায়। দীর্ঘ এতগুলো গ্রীষ্মের স্মৃতি একইরকম লাগে। শীতের স্মৃতি গন্ধ-বর্ণ নিয়ে আসে , বাষ্পের, ধূসরের। স্কুলের সেই দিন পেরিয়ে, এত কাল পেরিয়ে সেই গান আমার কাছে শুরু হয় এখন "শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা, তারই লাগি রইনু বসে সকল বেলা" থেকে।
   
ধাঁধা লাগে। ঘাড়, মাথা স্থির, জবুথবু। শূন্যে পূর্ণতা খোঁজায় ব্যস্ত, অবনত। ভস্ম উড়িয়েও তাকে পাওয়া যায় না। মিথ্যে মনে হয়। ভনিতা যত রবীন্দ্রনাথের!
তারপর হঠাৎই মনে পড়ে, অপরাজিতারও কি এমনই মিথ্যে মনে হতো? তার অদৃশ্যে তাকাই। কই, এখনও তো মুখে সেই হাসি। এখনও তার গান "শীতের হাওয়ায়"-এ শুরু হয়। আমাদের সকলের শৈশব তার আড়ালে। সে কালের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। হাসে, হেসে ঘাড় হেলিয়ে দেয়। শেষ শীত পূর্ণ হয়ে, বাসন্তী হয়ে ওঠে।
   
#অপরাজিতা
#স্টল_২২৬
#কলকাতা_বইমেলা

Comments