Followers

অপরাজিতা: আমাদের দেখা হয় না

এক একদিন আমাদের দেখা হয় না,
দেখা হওয়ার সামান্য আগেই
কালো ঝড় ওঠে খুব
  
রাস্তাঘাট নিমেষে শুনশান
  
মোটেই নয়! কলেজস্ট্রিটে ম্যালা ভিড়,
সব্বাই ছাউনি খুঁজলে যা হয় আর কি,
কয়েকজনের শেষে বৃষ্টিই স্থির আশ্রয়।
  
অগত্যা, আবার ভিজেছ অসময়ে?
জ্বরজারি না বাধিয়ে যাও না দেখছি
  
জ্বর তবু চেনা যায়! 
বড় দায় অবাধ্য ঝড়...
বৃষ্টির সেই গনগনে আঁচ গায়ে নিয়ে
হিন্দু থেকে ধ্যানবিন্দু -- পুরো তল্লাট চষে ফেলেও
তোমায় পাইনি কেন? কী এমন কাজ? 
  
আহা রে! পলকে বুঝি রাগ দেশ?
বুকে এসরাজ?
  
অনেক হয়েছে! উফ!
তোমাকে বলাই বড় ভুল!
  
মালিন্যের গুঞ্জনে 
অপেক্ষাও লাগে অপ্রতুল
  
প্রতিদিন মনে হয়,
বইপাড়া তোমারই একার
হাতে বোনা
  
বজ্র-ঝড়-মেঘমন্দ্র।
হৃদয়ের উপকূল।
বৃষ্টির ভুয়ো সম্ভবনা
  
সাক্ষাৎ পিছিয়ে গেলে
দুর্যোগও কেটেকুটে যায়
  
কেবল আমরা বলি
  
দেখা হবে
  
দেখা হবে
  
আমরা কেবলই হাঁটি
গাঢ় অদেখায়।
  
তাহলে উপায় বলো,
কোন অর্থে বেঁধে রাখি স্মৃতি?
  
দেখার বিঘ্নে যত অদেখা?
নাকি অদেখার বিমুখে প্রতীতি?
  
(২৭.০১.২০২০)

Comments