Followers

সায়নদীপ: জন্মদিন ২০১৯

আমি জন্ম আলসে। সায়নদীপ ঠিক উল্টো।
জীবনে যে-কোনো কাজের আহ্বানে আমার উত্তর হলো "হুঁ"। সায়নদীপের, তৎপরতা।
জীবনে যে-কোনো সমস্যায় আমার প্রত্যুত্তর হলো নীরবতা। সায়নদীপের, সমাধান। বা অন্ততঃপক্ষে, আলোচনা।
কাজেই, বাচ্চাবেলা থেকেই আমরা ওই 'এক স্পিরিটে দুটি কুসুম'- মার্কা প্রাণী ছিলাম না। মুখ খুললে আমাদের দ্বিমত বেশি। মুখ খোলা নিয়েই তো দ্বিমত, যা বুঝলেন।
  
কিন্তু এই কথা-অকথা-কুকথা-উত্তর-প্রত্যুত্তরের জগতের বাইরে আরও এক জগৎ হয়। বোধের, বিচারের, গ্রহণের। অদ্ভুত এক প্রজন্মের বড়-হয়ে-ওঠা মানুষ আমরা। আমাদের ক্লাস সিক্স অব্দি কেটেছে সাদা-কালো টিভিতে মেট্রো চ্যানেল দেখে আর সাদা জার্সিতে ওয়ান-ডে ম্যাচ দেখে, অথচ বারো ক্লাস পেরোতে না পেরোতেই আমরা হাতে পেয়ে গেছি মোবাইল। প্রযুক্তির গাড়ির আচ্ছে দিনের দিকে যে ফোর্থ গিয়ারে শিফট, তার প্রত্যক্ষদর্শী বা ভুক্তভোগী আমরা। অবসরকে বই থেকে সরে মোবাইল গেমে ঢুকে যেতে দেখেছি আমরা, তবু আমরা মুখ গুঁজে থেকেছি নীললোহিত, সত্যজিতে। নব্বইয়ের দশকের সেরা ইন্ডি-পপ যেমন শুনেছি, নিত্য শুনে গেছি হেমন্ত, দেবব্রত, সলিল চৌধুরী। এবং এই সব আমরা শুধু পড়িনি, বা শুনিনি। বলা যায়, শুষেছি। গ্রহণের প্রশ্ন সেখানেই। শুষেছি, এবং বুঝেছি, হাত থেকে ফোন কেড়ে নিলে বা জনহিতার্থে ইন্টারনেট পরিষেবা কেউ বন্ধ করে দিলেও আমরা আঙুল চুষবো না। আমাদের বই আছে, গান আছে, নাটক আছে, দুজনের সম্পাদনায় ম্যাগাজিন আছে। এসব দিয়ে আমরা এই জীবনটা বেঁচে যাবো। বোধ বা বিচারের প্রশ্নও এটুকুই।
  
রইল বাকি আর একটিই দারুণ মিল --- হাসির। একই বিষয়ে, একই ভাবে মজা পাওয়ার, ফুট কাটার, এবং হাহা হাসির সৌভাগ্য ও স্বাধীনতা আমরা ভাগ করে নিই আজও। জানি, যা-কিছু হয়ে যাক, চরম কঠিন মুহূর্তে দাঁড়িয়েও একে অন্যের পিঠ চাপড়ে আমরা নিজেদের নির্বুদ্ধিতার পক্ষে বা বিপক্ষে এক দান প্রাণখোলা হাসি সবসময়ই বাজি রাখতে পারবো। আমরা বোকা, আমরা অবাস্তবকে দিব্যি সন্ধের চা-সিঙাড়ার মতো সত্যি ভাবি, আমাদের হাজার ছয়লাপেও "মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ" মনে পড়ে, "মানুষ এ কী করছে রে বাপ!" মনে পড়ে না। তাই, হাসতে পারি। হাসি, কারণ গোমড়ামুখো হয়ে, কথা দিয়ে শূন্যতা বোঝাতে ভালো লাগে না। 
   
বত্রিশ বছর গেল। আর এক বছর পেরোলে কেউ কথা রাখবেই না যখন, কী লাভ প্রত্যাশায়! তার চেয়ে সব উড়িয়ে দেওয়া হাসিতে নীরবতা বলতে থাকুক "আছি, আছি"; সে পূর্ণ হয়ে থাকুক, পূর্ণ করে রাখুক। বোধ, বুদ্ধি, বিচার দিয়ে তাকেও আপন করে নেব। কী রে?

Comments