Followers

কবিতা যেভাবে ফুরোয়

   - এইবার কথা দিচ্ছি,
সত্যি সত্যিই শেষ। আর নয়।
  
- কিছুদিন সে আভাস ছিল বটে,
আলঙ্কারিক
   
- ডাহা মিথ্যে! অলংকার হতে
বহু দেরি আমাদের
   
- তবে পুনরাবৃত্তির ভয় নিশ্চয়ই?
     শেষ এতদিন ধরে এক, সেই এক
            শুধু একই কথা
   
- দিন, সেই দিন, শুধু দিন ঘোরে
      সে পুনরাবৃত্তি নয়?
এক আমার কবিতা ফিরে এলেই দোষ?
   
- আহা, দোষ কোথায় ধরলাম?
এতদিনের নিয়ম শেষ হবে,
       কারণ-সন্ধান আবশ্যক নয়?
   
- কী হবে কারণ দিয়ে?
ধরে নেওয়া, এটুকুই ছিল আমাদের,
মেপে নেওয়া খেলাপের প্রতিশ্রুতি --
           এভাবেই থাক না!
   
- এভাবেই থাকতো সব, যদি সব এরকমই হতো।
কিন্তু এ তো তোমার আড়াল,
না-বলাগুলো খালি।
      For a change, বলার কথায় আসা যাক?
   
- যাই বলি, eventually
সবই তো মিথ্যে হয়ে যায়।
        কথা দেওয়া, আর কথা নয়
        অভিমান, পক্ষকাল নীরবতা
        কবিতার অনশন…
   
- সবই মিথ্যে সময়ের জন্ম দেয়?
Parallel? মন ভোলানো?
    
- যে সময়ে ধূসর পায়রারা বারবার
সূর্যাস্তে উড়ে যায়
   
- কিন্তু সূর্য আর ডোবে না
   
- যে সময়ে ঠিকানা-লেখা খাম
       পড়ে থাকে যত্রতত্র,
   
- ভেতরে চিঠির কালি অপেক্ষায়
          ম্লান হয়ে আসে
   
- যে সময়ে তোমার দেখা হয়
         অনেকের সঙ্গে
   
- আর বিনিময়ে তুমি কেমন ভেবে নাও,
       আমার তোমায় আর মনে পড়ে না
    
- যেখানে স্মৃতির নিশ্চয়তা বাস্তবের চেয়ে বেশি
  
- সে সময় আমাদের নয়।
     বেশ। এবার উপায়?
   
- ভেবেছি, কবিতার একটা সৌধ বানাবো 
                তোমার-আমার
   
- Swansong?
  
- Kind of.
  
- কী থাকবে সেই ডাকে?
কী কী কথা বলে যাবে শেষ হরকরা?
   
- শব্দকে স্থির ভেবে নির্ভর করা
খুব অনুচিত
   
- আমরা আসলে শুধু স্তব্ধতায় নতজানু ঘুম
   
- অথবা ছেড়ে-যাওয়া-জেদের বিরুদ্ধগামী
             ফরিদা খানুম।
  
- এখনও তো ছন্দ আসে ঠিক!
   
- সময়, ক্ষয়ের গান সেটুকুও নিক।
   
- সে সময় আমাদের নয়।
      কী উপায়?
   
- কাব্যের সৌধ জুড়ে লেখা হবে
      আমাদের দেখা হওয়া দিন…
   
- এবং যে-সব দেখা হবে বলে
       আজও নিরুপায়।
   
- For instance, ভেবে নেওয়াই যায়,
দূরের পাহাড়
   
- না না, বেশ ছোট উপত্যকা
   
- তবে তাই। সেইখানে, পাইনের ছায়া ঘিরে
কুয়াশা-বসত, সেইখানে একচালা বাড়ি
সোহাগের, সময়ের মুখে
  
- সে সময় আমাদের নয়।
  
- আমাদের বরং কিছু ভিড়ভাড় কমে আসা ঘাট,
রাত্রির মৃদু রাজ্যপাট
   
- নদীজলে সখ্যের ভিত
   
- হাফ সোয়েটারে রাখা শীত
  
- এখনও তো ছন্দ নিশ্চিত!
  
- ভেবেছিলাম, কবিতায় আর তারিখ দেব না
  
- যাতে অনন্তকাল আমাদের হয়।
  
- ভেবেছিলাম, সমুদ্রের কোনো ছবি কাছে রাখবো না
   
- যাতে আমার না একলা লাগে
   
- ভেবেছিলাম, শেষ কবিতাটা লিখে 
মাথা ঝুঁকিয়ে তোমায় বলবো, "আসি"
  
- যাতে তুমি নিজে নয়,
এই পৃথিবীতে অন্ততঃ একজন কেউ
তোমার এই যাওয়ার জন্য দায়ী হয়ে যায় 
   
- সে সময় আমাদের নয়।
  
- অতএব, উপায়?
  
- এত ঘটা করে শেষ হওয়া কি বাঞ্ছনীয়?
অনুচ্চারণে বা আড়ালে…
  
- … a whimper? And not with a bang?
  
- বেশ দৈনন্দিন কথার মধ্যে
        যেমন হঠাৎ থেমে যাওয়া ভূমিকা ছাড়াই, 
        নিরাশ্রয় করে দেওয়া
                                      মুহূর্তে
  
- সেইমতো হবে চলে যাওয়া?
   
- যদি হয়? ছাতিমের গন্ধ নেই,
ঘরে ফিরে আসা সন্ধ্যায়, তাও নেই,
  
- রাসবিহারীর মোড়ে দাঁড়িয়ে
     সূর্যের উচ্ছিষ্ট আলোটুকু পাওয়া,
     নাটকের অন্তে পরিচয়
   
- নেই, নেই, এইসব কিচ্ছু নেই
      থাকে না,
                   বিদায়ে।
   
- তাহলে কি শুধু নিভে আসা?
  
- হাত ধরা যায় একবার?
  
- বেশ।
  
- কথা দাও, ভাববে না
    অলংকার বা পুনরাবৃত্তির ভয়,
    ভাববে না, শেষ হয়ে গেল সবকিছু,
ভাবো,
    আমাদের হাতে ছিল শেষ।
   
- অথবা, শেষের আয়োজন…
  
- বলো, এখনও সব ভুলে,
    শুধু এই যে হাতের স্পর্শ হাতে,
    তার উত্তরে তাকাবে রাতের দিকে,
দ্যাখো, কত আলো জ্বলে আছে।
ঘুমিয়ে পড়ার ভয়ে আর কখনও ওষুধ বাদ দিও না,
অজানা থাকে না কিছুই।
মনে করিও, পরশু নিউ মার্কেট গেলে 
কলমের কালি কিনতে হবে;
মনে রেখো, সব চিঠিগুলোই কালো খাতায় আছে;
আজ জল খেতে ভুলে যাও নি তো?
  

Comments