Followers

নতুন বছরের মুখে

আবার দেওয়ালে দেওয়ালে স্টুলিশের প্রকোপ বেড়ে চলেছে। সাহসিকতা প্রদর্শনের শ্রেষ্ঠ উপায় স্টুলিশ। ইগো-গ্র্যাটিফিকেশনেরও বটে।
   
এরই ফাঁকে ফাঁকে রাখা আছে মিম, লোকসভার বাণী, উষ্ণায়ন, জল কমে আসা, চুয়ান্ন হাজার ম্যানগ্রোভের ছুটি, ২৩শে মে।
   
মনে রাখা যাক, গোরখপুরে শিশুমৃত্যুর কিনারা এখনও হয়নি।
   
মনে রাখা যাক, গৌরী লঙ্কেশ হত্যার উত্তরে আমরা বিশেষ কিছুই করতে পারিনি এখনও।
    
এখনও সীমান্তে গুলি চললে বেশিরভাগ মানুষই তীব্র, মৈথুনের মতো আনন্দ পান।
   
আমরা বিভিন্ন 'ডে' সেলিব্রেট করছি বটে, কিন্তু কেন ঠিক জানিনা।
   
তীর্থক্ষেত্রে এখনও পায়ে চাপা পড়েছে মানুষ, পুণ্যলাভের আশায়।
   
এখনও বহু ক্ষেতে শস্য ফলছে না। কিন্তু আমাদের দৃষ্টি এমপি'র আইবুড়োভাতে।
    
ঊগ্রপন্থা আজও শান্তির চেয়ে বেশি সরব।
    
আমাদের প্রতিটা কিছু-না-হওয়া দিন আসলে একটা যুদ্ধবিরতি। এখন কিছু হলে, যুদ্ধই হয়।
     
বেশির ভাগ মানুষের কাছেই শিল্প হল সুখটান। যেখানে তার নেসেসিটি হওয়ার কথা ছিল।
    
আমরা এখনও এমন ভালোবাসলাম না যা দেখে আরেকজনের মনে হবে, ভালোবাসি।
    
আমাদের পৃথিবীটা না, পুড়ছে। সবুজ কমছে। জল কমছে। মানুষ, ঈশ্বরের মতো, সবাইকে নিয়ে মরছে।
   

    
বড্ড বেশি লাফাই না আমরা, শ্রেষ্ঠতম প্রাণী? বড্ড বেশি বাড় বেড়েছে না আমাদের?
আসুন, সামনের দিনগুলোয় একটু কম লাফাই। এটুকুই।

Comments