অপরাজিতা: প্রকাশের মুহূর্ত
এক্কেবারে hands-down surrender! খুব, খুব ভুল হয়ে গেছে। এইরকম একটা সময়ে অপরাজিতার আসা খুবই অনুচিত কাজ হয়েছে। এই সময় কবিতার পক্ষে নয়। এখন চোখ মেললেই রক্ত ফুটছে, পক্ষে আর বিপক্ষে চাঁছাছোলা গদ্যে বকুনি-ধমকানি-যুক্তি-প্রযুক্তি। সময় কবিতার পক্ষে নয় মোটে।
কিন্তু অপরাজিতার কবিতা ছাড়া আর কিছু দেওয়ারও নেই। সে সুদিনে ভালোবাসার কথাই বলেছে শুধু। দুর্দিনেও তার আশ্রয়, অস্ত্র সেই ভালোবাসাই, সেই কবিতাই। কঠিন কথা, বিভেদের কথা, বিভাজনের কথা তার ধাতে নেই।
অতএব, সে-সব কথাই দু'মলাটে বেঁধে, হাতে তুলে দিলাম এই সময়ের। কাজটি শুশ্রূষা না স্পর্ধা, সময়ই বলুক।
ব্যক্তিগতভাবে, এ'বই আমার কাছে বইয়ের অধিক। তবে সে' কথা এখন নয়। এখন শুধু দেখে নিতে চাই, এই অবিশ্বাসী সময়েও ভালোবাসার কথা মানুষ হাতে তুলে নিতে চায় কিনা, জানে কিনা।
অপরাজিতা আপাতত ঋত প্রকাশনের দপ্তরে তো পাবেনই, ব্রাহ্ম বয়েজ স্কুলের পাশে। আর পাওয়া যাবে কলেজস্ট্রীটের ধ্যানবিন্দুতে খোঁজ করলে। দেজ' বা দে বুক স্টোরেও খোঁজ করতে পারেন। আর কদিনের মধ্যে অনলাইনেও আসবে।
Comments
Post a Comment