Followers

১৭ই ফেব্রুয়ারী

অন্তর-রঙ্গ'র 'ব্লুমস ডে' ১৭ই ফেব্রুয়ারি। আমাদের পথ-চলা শুরু হওয়ার পর এই প্রথম আজ নগরবাউল নেই। না, একটু ভুল বললাম। সে আছে ঠিকই; তবে সমক্ষে নয়, মহড়ায়। সে তৈরি হচ্ছে ১লা মার্চের জন্য।
   
২ বছর আগের ১৭ই ফেব্রুয়ারি বই-চিত্রে প্রথমবার নগরবাউল। সেই প্রথম কাগজে বিজ্ঞাপন পড়লো, অন্তর-রঙ্গ'র নাটক আজ কলকাতায়। আমাদের আহ্লাদের শেষ নেই আর! পিছনে বড়রাস্তায় গাড়ির আওয়াজ; ট্রামের, ঐতিহ্যের ঘটাং-ঘট। বই-চিত্রের খয়েরি জানালার খড়খড়ি ফাঁক করলে টুকরো-টাকরা নয় পূর্ণ সাতের তিন অংশ কলকাতা ঢুকে পড়ছে নাটকে। আর নাটক ধারণ করছে কলকাতাকে, সমগ্রতায়। সংলাপে নীলাঞ্জন যখন শ্রেয়সীকে বলছে, "তাহলে সোয়া ছটা, দেশপ্রিয়। দেরি নয় যেন!", আমাদেরও অবাক করে কলকাতার ঘড়িতে তখন সত্যিই সন্ধে সোয়া ছটা বাজে। 
   
সেইদিনের নগরবাউল, দর্শকদের অভিবাদন, ভালোবাসা আমরা ভুলতে পারিনি কেউই। ১৭ই ফেব্রুয়ারি আরেকবার বই-চিত্রে নগরবাউল করার ইচ্ছেতেই আমরা ২০১৯-এর খোয়াব-সফরে ফিরিয়ে আনি আমাদের প্রথমাকে। তদ্দিনে পুরোনো অনেকে আর নেই, নতুন কিছু মুখ এসেছে। কিন্তু নগরবাউল তাদের নিয়েই বয়ে চলে; তার বহমানতায় বিরাম নেই। কিছুক্ষণ আমরা নাটকটিকে চালিয়েছি, তারপর সে চালিয়েছে আমাদের। 
   
আজ তৃতীয় ১৭ই ফেব্রুয়ারি। এই প্রথম আজ সকালে উঠে তড়িঘড়ি কলম নিয়ে বসে লিফলেট লেখা নেই। মৈত্রেয়ীর সঙ্গে বারবার ক্রস-চেক করে সাজ সরঞ্জামের লিস্ট মেলানো নেই। দুপুরে চটজলদি খেয়ে বাকিদের আসার জন্য অপেক্ষা করা নেই। রাতে ফিরে এসে জলস্পর্শ করার আগে দর্শকদের লিখে যাওয়া রিভিউ রুদ্ধশ্বাসে পড়া নেই। আছে বলতে মহড়া। খোয়াব-সফরে নগরবাউল আসছে। তবে আর ১৭ই ফেব্রুয়ারি নয়।

Comments