Followers

ব্রেখটের অনুবাদ: যখন বৃষ্টির মতো পাপ

|| যখন বৃষ্টির মতো পাপ নেমে আসে ||
  
বার্টল্ট ব্রেখট
  
যে দরকারি একটা চিঠি নিয়ে
আপিস-কাউন্টারে আসে দশটা-পাঁচটার পর, যখন 
কাউন্টার বন্ধ হয়ে গেছে
  
যে এই শহরকে সতর্ক করতে চায়
আসন্ন বন্যার মুখে, অথচ তার বলার ভাষা অন্য,
কেউ বোঝে না তাকে
  
যে ভিক্ষুক পঞ্চমবার এসেছে
সেই দরজায় যে তাকে ফেরায় নি গত চারবার;
এখন, ক্ষুধার্ত সে
  
যার ক্ষত দিয়ে রক্ত ঝরছে, আর সে
অপেক্ষায় ডাক্তারের; অপেক্ষায়, রক্ত ঝরে যায়
তাদেরই মতো আমরা এগিয়ে আসি, জানাই, 
পাপ এসে বিঁধেছে আমাদের।
  
প্রথমে খবর এসেছিল, আমাদের বন্ধুদের
মেরে ফেলা হচ্ছে। ভয়ার্ত চিৎকার চারিদিকে।
তারপর মরে আরও একশ। কিন্তু,
যখন সহস্র ছোঁয়, আর হত্যা তবুও শেষ হয় না,
স্তব্ধতার এক কাফন ছড়ায় যেন।
  
যখন বৃষ্টির মতো পাপ নেমে আসে, কেউ
রুখে বলে না, "থামো।"
  
অপরাধ জমতে জমতে অদৃশ্য হয়ে যায়,
সহ্যের সীমা ছাড়ালে দুর্ভোগের আর্তনাদ আর 
শোনা যায় না। তারাও, গ্রীষ্মে, বৃষ্টির মতো 
ঝরে পড়ে।

Comments