সাত্যকি দা
তিনি আমার পাশেই থাকেন
আমার তিনি আজন্মকাল
সখার মতো, স্নেহের বরণ
হাতটি রাখেন সহজভাবে
কপাল জুড়ে। সহজ কিছু
স্বভাব কি তার মুগ্ধ করে
অন্যজনে? এবং পোড়ায়
অনর্থ সব শিকড়বাকড়?
তাই তো তিনি পিতার মতো,
তাই তো তিনি পিতার থেকেও
অধিক কোনো সমান্তরাল
জীবনলেখা, আনন্দগান।
আমায় তিনি এমন দিনেও
একলা ছেড়ে দ্বিধায় বড়,
দ্বিধায়, ভালোবাসায় তিনি
ক্ষণিক হাসেন, মুহূর্তকাল!
তারপরে এক কঠিন বাতাস
যতই তাঁকে উজাড় করে,
যতই আমায় ভাসায়, রাখে
হেমন্তদিন, বাসন্তিকা
তাই তো তিনি পিতার মতোই,
তাই তো তিনি পিতার থেকেও
অধিক কোনো সমান্তরাল
জীবনলেখা, আনন্দগান।
দৃষ্টিতে তাঁর খুব সহজেই
শান্তি পাওয়া যায় দু' চোখে,
তাঁর প্রিয় গান, কথার ফুরান
ঘরবসতে শিউরে ওঠে,
আসছে-দিনে তাঁর যদি এক
হারিয়ে যাওয়ার উজান আসে,
ঠিক থেকে ভুল নিত্যদিনের
স্মরণঘরে ক্লান্তি পাঠায়
তাও তো তিনি পিতার মতোই
তাও তো তিনি পিতার থেকেও
অধিক কোনো সমান্তরাল
জীবনলেখা, আনন্দগান।
তাঁর স্বভাবের উন্মনা এক
বসত আছে সবার ভিতর,
কেউ কি তাতে খুঁজছে আগুন
অমর্ত্যপথ, সহস্রকাল?
তাঁর কি কোনো সুখ আছে আর
বাঁচিয়ে রাখার সত্য ছাড়া?
বৃক্ষ যেমন, তেমন একক
সবার তিনি, এমন স্বাধীন!
তাই তো তিনি পিতার মতো,
তাই তো তিনি পিতার থেকেও
অধিক কোনো সমান্তরাল
জীবনলেখা, আনন্দগান।
© শুভংকর। (এপ্রিল, '১৯)
Comments
Post a Comment