ফেস্টিভ্যালে দুঃখ ভুলুন, দশটি ধাপে সেলফি তুলুন
১। ফাউণ্ডেশন যথেচ্ছ। লিপস্টিক, কাজল রেজলিউশন-মতো। মানে 2 MP ফ্রন্ট ক্যামেরাতেও যেন আপনাকে HD-Live লাগে। ছেলেদের এসব সুযোগ-সুবিধে থাকে না বলে তারা এমন ক্ষেত্রে গালজোড়া সানগ্লাস বা মা তাঁর বিয়ের সময় যে সোনার চেন পেয়েছিলেন, সেটা গলায় ব্যবহার করতে পারে।
২। প্যান্ডেলের যে জায়গাটায় দাঁড়ালে মোটামুটি সবারই প্রচণ্ড অসুবিধে হতে পারে, দাঁড়িয়ে পড়ুন। সিকিওরিটি গার্ড আপনাদের কন্ট্রোল করবেন না লাইন কন্ট্রোল করবেন ভেবে না পেয়ে যখন বিহ্বল হয়ে “দেখি, দেখি” করবেন, আপনারা পজিশন নিয়ে নিন। দেখে নিন, জামাকাপড় জায়গারটা জায়গায় আছে কিনা। থাকলে, ঘেঁটে দিন।
৩। এরকম মুঠো মুঠো ফাউণ্ডেশন দেওয়ার পরেও কেন আপনাদের (বা আপনার সোনার চেনকে) কালো ভুতু লাগছে ফ্রেমে, বুঝতে না পেরে বারবার হাত-আয়নায় মুখ (চেন) দেখুন, বিরক্ত হয়ে কিছুক্ষণ ফ্রন্ট ক্যামেরায় ISO কন্ট্রোলের ব্যর্থ চেষ্টা করে ফাইনালি উপলব্ধি করুন যে আপনি আলোর এগেনস্টে দাঁড়িয়েছিলেন এতক্ষণ।
৪। “অউ অউ হি হি হি হি” করে বারবার হেসে এভাবে নিজের বোকামির ভার থেকে নিজেকে মুক্ত করে এবার আলোর দিকে ফিরে দাঁড়ান। আবারও একটা মোস্ট অসুবিধেজনক জায়গায়। কিন্তু ইতিমধ্যে এতবার এদিক ওদিক করতে গিয়ে প্যান্ডেলের গাঁগাঁ স্ট্যান্ডফ্যানের হাওয়ায় আপনার সাধের আঁচড়ানো চুল প্রায় অন্যের মাথায় উড়ে গেছে। সেটা রিয়ালাইজ করে স্যাড ফেস করুন।
৫। চুলটা বাঁধুন। কাঁটা, ক্লিপ, আর চুল বাঁধার অন্যান্য যাবতীয় অস্ত্র দাঁতে চেপে ধরে চুল বাঁধতে বাঁধতে ওই অবস্থাতেই বাকিদের জিজ্ঞেস করুন, “অ্যাঁয়ই আমি ক্যামুন লাগশি য়ে?”
৬। যদিও জানেন, তবু আপনার কোনও বন্ধু যদি অকারণে মিথ্যে বলে থাকে, শিওর হয়ে নেওয়ার জন্য একে অন্যকে আরেকবার করে জিজ্ঞেস করুন “এই তোরটা কত MP রে?” সেলফি তোলার সময় কেউ মিথ্যে বলে না।
৭। পাউট করুন।
৮। উঁহুহু, হয়নি। আবার করুন। আর গ্রুপের একজন বন্ধুকে বলুন পাউট না করে শুধু হাসতে। কিন্তু হাসার সময় তার দাঁতের ওপরের পাটি যেন নিচের ঠোঁট না ছোঁয়, আর নিচের পাটি যেন ওপরের পাটির ভেতরের দিকে ‘টাচ’ না হয়। মানে সব মিলিয়ে তাকে দেখলেই যেন আপনার ছেলেবেলার স্কুলের বায়োলজি ল্যাবের কঙ্কালটার কথা মনে পড়ে যায়।
৯। মা-কে ব্যাকগ্রাউণ্ড করুন। ক্লিক করুন।
১০। ছবি আপলোড করে স্টেটাস দিন, “Feeling kyamon kyamon at নবমী নিশি”!
Comments
Post a Comment